জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে জেলাজুড়ে চালু হলো ‘সার বিক্রির ফ্রেমওয়ার্ক’ মডিউল। এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জেলার প্রকৃত কৃষকদের কাছে স্বচ্ছ, দ্রুত ও সঠিক উপায়ে সার পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। এ দিন জেলা কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা কমিশনার মিনার্ভা দেবী আরামবাম আনুষ্ঠানিকভাবে এই মডিউলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক, কৃষি উন্নয়ন আধিকারিকগণ (ADO), কৃষি সম্প্রসারণ সহায়কমণ্ডলী (AEA), কিষাণ মোর্চার সহ-সভাপতি, স্থানীয় সার বিক্রেতা এবং প্রগতিশীল কৃষকগণ।
এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো সারের অবৈধ বণ্টন ও অপব্যবহার রোধ করা, ডিজিটাল তথ্য সংরক্ষণ করা এবং পুরো সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা। FFS অ্যাপের মাধ্যমে কৃষকরা তাঁদের অ্যান্ড্রোয়ড মোবাইলের সাহায্যে নিজেরাই QR কোড তৈরি করতে পারবেন। প্রয়োজনে কৃষি সম্প্রসারণ সহায়কদের (AEA) বা নিকটস্থ অনুমোদিত সার বিক্রেতার সাহায্য নেওয়ারও সুযোগ থাকছে।
QR কোড তৈরির ক্ষেত্রে নিবন্ধিত ফার্মার আইডি (Farmer ID) প্রবেশ করালে জমির তথ্য এবং কৃষিখাত নির্ধারিত সারের সঠিক পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে চলে আসবে। অন্যদিকে আধার নম্বর ব্যবহার করে QR কোড তৈরির ক্ষেত্রে কৃষককে নিজ জমির তথ্য প্রদান করতে হবে এবং নিকটস্থ সার বিক্রেতা বেছে নিতে হবে। তৈরি হওয়া QR কোড বা SMS-এ আসা টোকেন নম্বরটি আগামী দুই দিন পর্যন্ত বৈধ থাকবে। সার বিক্রেতার কাছে এটি প্রদর্শন করে কৃষকরা সহজে নিজেদের প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী ভাষণে অতিরিক্ত জেলা কমিশনার মিনার্ভা দেবী আরামবাম জানান, এই FFS ব্যবস্থার ফলে সারের কালোবাজারি বন্ধ হবে এবং জেলার প্রতিটি প্রকৃত কৃষক সঠিক সময়ে তাঁদের প্রাপ্য সার পেয়ে উপকৃত হবেন।



