মানুষের দুয়ারে বিধায়ক আমিনুর রশিদ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : জনপ্রতিনিধিত্ব শুধু বিধানসভায় রাজনৈতিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের সমস্যা শোনা এবং সমাধানের উদ্যোগ নেওয়াই জনসেবার অন্যতম প্রধান দায়িত্ব—দিনভর একাধিক কর্মসূচির মধ্য দিয়ে এমন বার্তাই তুলে ধরলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে আসছেন বিধায়ক। সম্প্রতি একদিনে ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন, গাঁও সভায় অংশগ্রহণ, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বেহাল সড়ক সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

দিনের শুরুতে উজাণ্ডি কালীমন্দিরে গিয়ে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন আমিনুর রশিদ। স্থানীয় সমস্যা, সামাজিক বিষয় এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন তিনি। এরপর কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত গ্রামসভায় অংশ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। রাস্তাঘাট, পানীয় জল, নাগরিক পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থার বিষয়েও খোঁজ নেন বিধায়ক এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের কাছে বিষয়গুলি তুলে ধরার আশ্বাস দেন। এদিন কয়েকদিন আগে হত্যাকাণ্ডে নিহত এক ব্যক্তির পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক।

দিনের শেষ পর্যায়ে একটি বেহাল সড়ক পায়ে হেঁটে পরিদর্শন করেন আমিনুর রশিদ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সড়কের দুরবস্থা ও বর্ষাকালে তাঁদের দুর্ভোগের বিষয়ে খোঁজ নেন। বিধায়ক বলেন, “জনগণের পাশে থেকে জনগণের সেবা করাই আমার দায়িত্ব ও কর্তব্য। দক্ষিণ করিমগঞ্জের অসম্পূর্ণ শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও যোগাযোগসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ আগামী পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে কাজ করছি।” একইসঙ্গে তিনি প্রশাসনের সহযোগিতা ও সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

স্থানীয়দের একাংশের মতে, বিধায়কের নিয়মিত জনসংযোগ ও সরেজমিনে সমস্যা পরিদর্শনের উদ্যোগ এলাকার উন্নয়নকে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *