বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ ও হত্যার মতো অপরাধ বন্ধ করা, মাদকাসক্তির প্রসার রোধ এবং গণমাধ্যমে অশ্লীলতা বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আগামী ৭ সেপ্টেম্বর জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই জেলা সম্মেলনকে সামনে রেখে কাছাড়ের বিভিন্ন অঞ্চলে বিগত কয়েক দিনে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার মেহেরপুরের কাবিউরিয়াতে এআইএমএসএসের শিলচর আঞ্চলিক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সম্মেলনে মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কাছাড় জেলা সম্পাদক। দুলালী গাঙ্গুলি বলেন, আজ দেশে যে নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে এর অন্যতম কারণ হচ্ছে পর্ণগ্রাফি, মদ, ড্রাগস ইত্যাদির অত্যধিক প্রচলন। মদ ও মাদকদ্রব্যের অবাধ প্রসার বন্ধ এবং গণমাধ্যমে অশ্লীলতা ও নারী অবমাননাকর বিষয়বস্তু প্রদর্শন বন্ধের জোরালো দাবি সম্মেলনে উত্থাপিত হয়।
সম্মেলন থেকে সংগঠনের ১৫ সদস্যের শিলচর আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে যথাক্রমে নির্বাচিত হন সবিতা বর্মণ এবং খাদেজা বেগম লস্কর। সম্মেলন থেকে নারী- নিরাপত্তা ও মর্যাদা রক্ষা এবং একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।



