সরকারি সময়সূচি না মানার অভিযোগ, বৈঠকে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষিকা

Spread the news

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সময়ে বিদ্যালয় খোলার কথা থাকলেও সময়সূচি না মেনে সকাল ১০টার দিকে স্কুল খোলার অভিযোগকে কেন্দ্র করে ৭২৭ নং ডিস্কা এলপি স্কুলে অসন্তোষ দেখা দেয়। গত ৩১ আগস্টের এই ঘটনাকে ঘিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা পালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি, নিয়ম-শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে প্রধান শিক্ষিকা অর্পিতা পাল উপস্থিত গ্রামবাসী ও সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না এবং সরকারি নিয়ম ও নির্ধারিত সময়সূচি মেনে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি আশ্বাস দেন। প্রধান শিক্ষিকার বক্তব্যের পর গ্রামবাসীরাও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়। সভায় উপস্থিত ছিলেন রাজাবাজার বিইইও নন্দিনী মুখার্জি, রাজাবাজার ব্লকের এপি সভাপতি পাপরি দত্ত, মণ্ডল সভাপতি শুভঙ্কর গোয়ালা, জিপি সভাপতি যমুনা চাষা, এপি সদস্য সুজাতা ময়রা, ডিস্কা গ্রান্টের সদস্য গৌরাঙ্গ চন্দ, সংশ্লিষ্ট CRCC-সহ গ্রামের সাধারণ মানুষ।

সভায় ভবিষ্যতে বিদ্যালয়ের সরকারি নিয়ম ও নির্ধারিত সময়সূচি যথাযথভাবে মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *