মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বেহাল রাস্তাঘাট, রান্নার গ্যাস ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের মতো একাধিক জনসমস্যার প্রতিবাদে করিমগঞ্জে ধরনা কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ইন্দিরা ভবনের নিচে ব্রিজ রোড এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি শতাধিক মানুষ অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে তাঁরা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বেহাল রাস্তাঘাটের দ্রুত সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং বরাক উপত্যকায় শিল্প-কলকারখানা স্থাপনের দাবিতে সরব হন।
ধরনায় বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, চাল, ডাল, চিনি, লবণ, ভোজ্যতেল থেকে শুরু করে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস—প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলি সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে বলেও দাবি করেন তিনি।
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধির বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর কোনও সমাধান হচ্ছে না। বাজারদর নিয়ন্ত্রণে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি জানান তিনি।
তাপস পুরকায়স্থের অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার না হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা সংস্কারের দাবিতে NHIDCL, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পূর্ত বিভাগের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আগস্ট মাসে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তিনি। সামনেই দুর্গাপূজা। উৎসবের আগে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির সংস্কার না হলে সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের আরও সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।
ধরনা কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ জ্যোতিষ পুরকায়স্থ, বদরুল হক, সন্দীপ নন্দী, শুভঙ্কর দাস, হাসিনা রহমান, শুভজিৎ চক্রবর্তী, ধ্রুবজ্যোতি দাস, নিপেন্দ্র চন্দ্র দাস, পঙ্কজ নাগ, অহিরঞ্জন দে ও শংকর বাবু-সহ অন্যান্যরা। এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, প্রদীপ কুরি, নবেন্দু শর্মা পুরকায়স্থ, মহিদুল ইসলাম, ভিকি কুরি, জয়দীপ দাস, শিখা সোম, টিনা সেন, লক্ষ্মী দত্তগুপ্ত, গুলশান আহমদ, আব্দুল ওয়ারিস, কমর উদ্দিন, অনুরাগ দত্ত, নীরজ বিশ্বাস-সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীরা।



