মাতৃভূমি কাপ : ডেভিডের গোলে সেমিতে জামালপুর

Spread the news

বরাক তরঙ্গ ২ সেপ্টেম্বর : ধলাইয়ে প্রত্যাশিত ভাবেই ২০২৬ মাতৃভূমি কাপ ফুটবলের সেমিফাইনালে প্রবেশ করলো টুর্নামেন্টের অন্যতম খেতাবি দাবিদার তথা অপ্রতিরূদ্ধ জামালপুর এফসি। বুধবার হাইভল্টেজ ম্যাচে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষ আয়ান এফসি লোকনাথপুর দলকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা ।

স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে দুই শক্তিশালী দলের জমজমাট খেলা উপভোগের লক্ষে এদিন সকাল ১০টা থেকে গ্যালারিতে আসন দখল করে বসে থাকতে দেখা যায় শতশত অত্যোৎসাহি ফুটবলপ্রেমী জনতাকে । দক্ষিণ কাছাড়ের অগ্রগণ্য সেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি এনজিও পরিচালিত জনপ্রিয় এই ফুটবল টুর্নামেন্টে খেলার প্রথমার্ধ থেকেই টানটান উত্তেজনা, রোমাঞ্চ, আক্রমণ প্রতিআক্রমণের মধ্যে চলতে থাকে ম্যাচ। নিজ নিজ দলের সমর্থনে গলা ফাঁটাতে দেখা যায় মাঠে উপস্থিত প্রায় কুড়ি হাজার দর্শককে। খেলা এতটুকু রোমাঞ্চকর ছিল মনে হয়েছে এ যেন মাতৃভূমি কাপের ফাইনালে শিরোপা দখলের লড়াই চলছে। প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম গোল আসে জামালপুর দলের স্ট্রাইকার ডেভিড এর পা থেকে। বিপক্ষ দলের রক্ষণভাগ ভেদ করে দুর্দান্ত গতিতে বল এগিয়ে নিয়ে গিয়ে অসাধারণ একটি গোল করেন ডেভিড। ১-০ গোলে এগিয়ে থেকে উজ্জীবিত জামালপুর দল বলের নিয়ন্ত্রণ নিজেদের আয়ত্তে আনতে সর্বশক্তি দিয়ে ময়দানে ঝাঁপায়। এদিকে আয়ান এফসি দল জোর টেক্কা দিয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে। মাঠে তখন তীব্র উত্তেজনা, স্নায়ুর চাপ ও দুদলের বল দখলের লড়াই বেশ জমে উঠে। তবে দারুণ লড়াই করেও প্রথমার্ধের খেলায় কোন গোল করতে পারেনি আয়ান এফ.সি। ফলে বিরতির সময় ১-০ গোলে এগিয়ে থাকে জামালপুর এফসি। 

প্রথমার্ধে ১-০ গোলের লিড পেয়ে দারুণ উজ্জীবিত ছিল জামালপুর এফ.সি। তবে ম্যাচে ঘুরে আসতে কোন খামতি রাখেনি আয়ান এফ.সি লোকনাথপুর।  দ্বিতীয়ার্ধের জমজমাট লড়াইয়ে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত ডেভিড এর একমাত্র গোলেই বাজিমাত করে প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট আদায় করে জামালপুর দল। 

ম্যাচে অনবদ্য প্রদর্শনের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ের নায়ক ডেভিড। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সাংসদ প্রতিনিধি শশাঙ্কচন্দ্র পাল, ভূষণ পাল, অনিমেষ দে, নিবুল বড়ভূইয়া ও সাদ্দাম হোসেন লস্কর।

এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, ইজাজ আহমেদ লস্কর, জাফর বড়ভূইয়া ও হোসেন আহমেদ লস্কর। বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে লোকাল এফসি সপ্তগ্রাম ও ডাইবর্লাং এফসি জামিরখাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *