বাংলাঘাটে কমিউনিটি হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কিশোর নাথের

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : বড়খলা কেন্দ্রের অন্তর্গত চেংকুড়ি গ্রাম পঞ্চায়েতের বাংলাঘাট এলাকার ৭ নং ওয়ার্ডে দুর্গা মণ্ডপ সংলগ্ন স্থানে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বড়খলা বিধায়ক কিশোর নাথ। সোমবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিধায়ক কিশোর নাথ বলেন, এই কমিউনিটি হল শুধুমাত্র একটি ভবন নয়; আগামী দিনে এটি এলাকার মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের যে দাবি ও প্রত্যাশা ছিল, এই প্রকল্পের মাধ্যমে তা বাস্তবায়নের পথে এগিয়ে গেল।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম আজ উন্নয়নের নতুন দিশায় এগিয়ে চলেছে। সেই উন্নয়নের ধারাকে বড়খলা বিধানসভা সমষ্টির প্রতিটি গ্রাম ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই উনার মূল লক্ষ্য। এলাকার মানুষের প্রয়োজন ও দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বড়খলার প্রতিটি অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আগামী দিনেও ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া হবে। উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর বড়খলা গড়ে তোলাই লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেংকুড়ি জিপির এপি সদস্য, দলীয় কার্যকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *