বরাক তরঙ্গ, ৩১ আগস্ট: প্রয়াত ব্রজেন্দ্র কুমার পাল চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে শিলকুড়িতে এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। নেতাজি ছাত্র যুব সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষা-সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, কাঠপেন্সিল বক্স, জ্যামিতি বক্সসহ পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য কেক ও ফলের জুসেরও ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানান। অনুষ্ঠানে প্রয়াত ব্রজেন্দ্র কুমার পাল চৌধুরীর পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পুত্র তথা সমাজকর্মী বিশ্বজিৎ পাল চৌধুরী, পুত্রবধূ তথা শিক্ষিকা কৃষ্ণা পাল চৌধুরী, নাতি বিপ্রজিৎ পাল চৌধুরী, অঞ্জনা দেব, বেদান্ত পাল চৌধুরী-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এছাড়াও নেতাজি ছাত্র যুব সংস্থার কার্যনির্বাহী পরিচালক দিলু দাস-সহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা-সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে প্রয়াত ব্রজেন্দ্র কুমার পাল চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে ভবিষ্যতেও শিক্ষার্থী ও সমাজের কল্যাণে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা।



