বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : সোনাপুরের ক্ষেত্রী এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, AS-07-BC-4271 নম্বরের একটি ট্রাক এবং AS-01-HC-0716 নম্বরের একটি যাত্রীবাহী ট্রাভেলার-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রাভেলারটি গুয়াহাটির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিকে চলে গিয়ে ট্রাকটিতে ধাক্কা মারে বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে ট্রাভেলারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে গাড়িটির ভিতরে বহু যাত্রী আটকে ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। ক্ষেত্রী পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে ট্রাভেলারের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনাকে কেন্দ্র করে ২৭ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়কে যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে পড়ে। জাতীয় সড়কের বেহাল অবস্থা ও টোলগেট ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেছেন বলেও খবর পাওয়া গেছে।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার অভিযানও অব্যাহত রয়েছে।



