বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলা এবং বরাক উপত্যকায় শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে শিলচর তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল প্রথম ‘ফ্রিডম কাপ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২০২৬’।
সকাল সাড়ে ৭টায় রংপুরের করাতিগ্রাম প্রদীপ ভবন থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। র্যালিটি প্রদীপ ভবন থেকে সদরঘাট পয়েন্ট হয়ে পুনরায় প্রদীপ ভবনে ফিরে আসে। এতে উপস্থিত ছিলেন শিলচর তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সভাপতি যোগেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বৈশিষ্ট দাস, টুর্নামেন্ট ডিরেক্টর রোমি শেখ-সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, কোচ, রেফারি, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা।
র্যালিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। র্যালি শেষে সভাপতি যোগেন্দ্র চন্দ্র দাস পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশন ও সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত হয়। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননাও প্রদান করা হয়।
এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা। কিয়োরুগি, ইন্ডিভিজুয়াল পুমসে, পেয়ার পুমসে, গ্রুপ পুমসে, ফ্রিস্টাইল পুমসে ও স্পিড কিক-সহ বিভিন্ন বিভাগে দুই শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ ছাড়াও রংপুর, উদারবন্দ, লক্ষ্মীপুর, বদরপুর, ঘুংঘুর, অসম রাইফেলস, শ্রীকোনা, চেনকুড়ি রোড ও রাঙ্গিরখাড়ি-সহ বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে খেলোয়াড় ও অফিসিয়ালরা প্রতিযোগিতায় যোগ দিয়েছেন।
রেফারি, টেকনিক্যাল অফিসিয়াল, কোচ ও অভিভাবক-সহ প্রতিযোগিতাকে ঘিরে চার শতাধিক মানুষের সমাগম হয়। টুর্নামেন্ট ডিরেক্টর রোমি শেখের নেতৃত্বে আয়োজক কমিটি প্রতিযোগিতাটি পরিচালনা করছে। বিভিন্ন ইভেন্ট সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য অভিজ্ঞ রেফারি ও টেকনিক্যাল অফিসিয়ালদের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা প্রায় ৮টা পর্যন্ত প্রতিযোগিতা চলার কথা। দিনের শেষে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা পুরুষ খেলোয়াড়, সেরা নারী খেলোয়াড়, সেরা দল ট্রফি, সেরা রিংগুড়ি বেল্ট-সহ বিভিন্ন বিভাগে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা।



