বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : শ্রীভূমি জেলা কারাগারে ১১ জন বন্দীর শরীরে HIV সংক্রমণ শনাক্ত হওয়ায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মহিলা বন্দীও রয়েছেন বলে জানা গেছে।
ম্যাজেস্ট্রেট অন্বেষা খেরসার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে শ্রীভূমি জেলা কারাগারে মোট ৪৪৫ জন বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনের শরীরে HIV সংক্রমণ ধরা পড়েছে। কর্তৃপক্ষের দাবি, আক্রান্ত বন্দীদের অধিকাংশই এনডিপিএস (NDPS) মামলায় কারাবন্দী।
HIV আক্রান্ত বন্দীদের চিকিৎসা ও স্বাস্থ্যপরিষেবা নিশ্চিত করতে নিয়মিত কারাগারে আসছেন এইডস নিয়ন্ত্রণ সমিতির সদস্যরা। তাঁরা আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন।
কারাগারে একসঙ্গে একাধিক বন্দীর শরীরে HIV সংক্রমণ শনাক্ত হওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে স্বাস্থ্য ও কারা প্রশাসনের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে।



