২৯ আগস্ট : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। হিমালয় থেকে নেমে আসা ভোতেকোশি নদীর আকস্মিক হড়পা বানে ভেসে যাওয়া মানুষের মরদেহ একের পর এক উদ্ধার হচ্ছে বিভিন্ন এলাকা থেকে। কিন্তু উদ্ধার হওয়া এসব মরদেহ সংরক্ষণ ও শনাক্ত করতে গিয়ে চরম সমস্যায় পড়েছে নেপাল কর্তৃপক্ষ। হাসপাতাল ও মর্গগুলোতে লাশ রাখার জায়গা প্রায় শেষ হয়ে এসেছে। ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের ভয়াবহ বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা মরদেহ শুধু নুয়াকোটেই নয়, ভাটির দিকের চিতওয়ান, তানাহুন, নাওয়ালপরাসি, গোর্খাসহ বিভিন্ন জেলায় উদ্ধার করা হয়েছে। এর ফলে নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপরাসির মর্গে ধারণক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় কিছু মরদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে পাঠাতে হয়েছে।
পোখারার হাসপাতালগুলোর মর্গেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জেলা থেকে একের পর এক মরদেহ আসতে থাকায় হাসপাতালগুলোর সংরক্ষণ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম। উদ্ধার হওয়া মরদেহের চাপ সামাল দিতে চিতওয়ানের ভরতপুরে একটি অস্থায়ী মরদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
ভয়াবহ এই বন্যায় এখনও দুই হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে প্রতিদিনই নতুন নতুন মরদেহ উদ্ধার হচ্ছে। উজানে হিমবাহ ধসের পর সৃষ্ট আকস্মিক প্লাবনে ভোতেকোশি নদীতে ভেসে যাওয়া মরদেহগুলো নদীর ভাটিতে বহু দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এমনকি কয়েকটি মরদেহ ভারতের দিকেও ভেসে এসেছে বলে জানা গেছে।
‘কাঠমান্ডু পোস্ট’ জানিয়েছে, রাসুয়া ও নুয়াকোট থেকে ভেসে আসা মরদেহ ভাটির বিভিন্ন জেলায় উদ্ধার হওয়ায় সেসব এলাকার হাসপাতালের মর্গগুলোতেও আর ন্যূনতম জায়গা খালি নেই। দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণ করে রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থাও নেই অনেক হাসপাতালে। ফলে মৃতদেহ সংরক্ষণ ও শনাক্তকরণের জন্য অস্থায়ী
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিতওয়ানে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা স্থানীয় হাসপাতালের ধারণক্ষমতা ছাড়িয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে ভরতপুরে অস্থায়ী মরদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, এনডিআরআরএমএ-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মাত্র দুই দিনে প্রায় চার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে শতাধিক বিদেশি নাগরিক রয়েছেন। তবে এখনও অন্তত ৫১৭ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯ জনে।



