হাইলাকান্দিতে তিনদিনের নজরুলগীতি প্রশিক্ষণ শুরু

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : যুব-বিভাগ, শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে হাইলাকান্দি আশ্রম প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হলো ত্রিদিবসীয় নজরুলগীতি কর্মশালা। ২৮, ২৯ ও ৩০ আগস্ট তিনদিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্র, শিলচরের স্বীকৃতিপ্রাপ্ত নজরুলগীতি শিল্পী শ্রীমতী অনসূয়া মজুমদার।

শুক্রবার সেবাসমিতি প্রাঙ্গণে বৈদিক মন্ত্র পাঠ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রশিক্ষণের সূচনা হয় বলে জানান যুব সঞ্চালক তীর্থঙ্কর চক্রবর্তী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেমঘনানন্দজী মহারাজ, দেবত্বানন্দজী মহারাজ ও মহাপ্রজ্ঞানন্দাজী মহারাজ। প্রশিক্ষক অনসূয়া মজুমদারকে বরণ করার মধ্য দিয়ে শুরু হয় তিনদিনের প্রশিক্ষণ পর্ব।

কর্মশালায় নজরুলগীতির বিষয়বোধ, শুদ্ধ উচ্চারণ, গায়কী এবং সামগ্রিক উপস্থাপনশৈলীর পাশাপাশি কণ্ঠ তৈরির প্রাথমিক প্রক্রিয়া ও নিয়মিত রেওয়াজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অভিজ্ঞ সঙ্গীত শিক্ষিকা ও শিল্পী অনসূয়া মজুমদার বরাক উপত্যকার প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে অন্যতম। তাঁর অভিজ্ঞতা ও সাঙ্গীতিক পাঠদানের মাধ্যমে কর্মশালার প্রশিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *