মিজোরামে ট্রাক চলাচল নিয়ে টানাপোড়েন, ‘স্টিয়ারিং ছোড়ো’ আন্দোলনের ডাক শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : মিজোরামে পণ্য পরিবহণকে কেন্দ্র করে এবার বড়সড় টানাপোড়েনের আশঙ্কা দেখা দিয়েছে। অসমের ট্রাকচালকদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে—এমন অভিযোগ তুলে বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। আগামী রবিবার থেকে ‘স্টিয়ারিং ছোড়ো’ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
অ্যাসোসিয়েশনের অভিযোগ, বিভিন্ন সময়ে অসমের ট্রাককে মিজোরামে পণ্য নিয়ে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। সম্প্রতি অসম থেকে বালু মিজোরামে নিয়ে যেতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ট্রাকচালকদের দাবি, মিজোরামের কিছু সংগঠনের পক্ষ থেকে অসমের ট্রাকের পরিবর্তে মিজোরামের ট্রাক দিয়ে পণ্য পরিবহণের ওপর জোর দেওয়া হচ্ছে। এর ফলে অসমের ট্রাকচালকদের জীবিকা এবং পরিবহণ ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি অ্যাসোসিয়েশনের।

সংগঠনের আরও অভিযোগ, মিজোরামে পণ্য নিয়ে যাওয়ার সময় ট্রাকচালকদের বিভিন্নভাবে হয়রানি ও বাধার সম্মুখীন হতে হচ্ছে। বারবার একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এবার সরাসরি আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কাছাড়ের ডেপুটি কমিশনার এবং CMO-র কাছে স্মারকলিপি জমা দিয়েছে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে অসমের সমস্ত ট্রাকচালককে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের দাবি, সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *