শিবসাগর ও চরাইদেউ জেলার বন্যাকবলিত এলাকায় চিকিৎসা শিবির  পিপলস রিলিফ কমিটির

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর ও চরাইদেউ জেলার বিভিন্ন এলাকায় পিপলস রিলিফ কমিটি (PRC) পশ্চিমবঙ্গ ও দক্ষিণ অসম কমিটির র উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সহায়তা করেছেন অসম কৃষক সভা এবং ইলোরা বিজ্ঞান মঞ্চের সদস্যবৃন্দ। ২৫ এবং ২৬ আগস্ট দুই জিলার মোট পাঁচটি স্থানে শিবির আয়োজিত হয়।

চিকিৎসা শিবির পরিচালনা করেন পিআরসি-র সাধারণ সম্পাদক ডাঃ ফুয়াদ হালিম ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আগত ডাঃ স্বপন ঘোষ, ডাঃ রুবেল সরকার এবং ডাঃ রাজেন্দ্র প্রসাদ এবং পি আর সি দক্ষিণ আসাম  থেকে সম্পাদক আশু পাল ও সহ সম্পাদক সারস্বত মালাকার। বিভিন্ন বাম ও গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে দেবেন গোঁহাই, সুনীল বরুয়া, প্রণামী গগৈ, দিলীপ ফুকন, পরিমল্লিকা গগৈ, ব্রজেন ফুকন, নিরঞ্জন চেতিয়া প্রমুখ ব্যক্তিবর্গ সবগুলি শিবিরে উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেছেন। চিকিৎসক, সমাজসেবী ও  স্বাস্থ্য কর্মীরা মিলে চকিমুখ, চোমনিগাঁও, লালিমছিগা, ঢেকেরি গাঁও এবং কেন্দুগুরি গ্রামে আয়োজিত পাঁচটি শিবিরে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ১১০০  রোগীর চিকিৎসা করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও প্রদান করেছেন।

বন্যার জল অনেক জায়গা থেকে নেমে গেলেও বহু মানুষ এখনও প্রচণ্ড বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, এবারের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি হিসাবের বাইরে আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। তাঁদের বক্তব্য, স্থানীয় শ্রমিক ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা বহু পরিযায়ী শ্রমিক কয়লা, পাথর ও বালি উত্তোলনের কাজে যুক্ত ছিলেন। বন্যার পর তাঁদের অনেকেরই এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

পিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *