বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ—খেল কি বাত, পিএম মোদির সাথ’ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিল গুরুচরণ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, অর্থ আধিকারিক রণবিজয় দাস, ডিন অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার ড. জয়দীপ পাল, বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীরা। ‘খেলো ইন্ডিয়া ডায়ালগ’ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের সঙ্গে ক্রীড়া, শারীরিক সক্ষমতা, যুব নেতৃত্ব এবং বিকশিত ভারত গঠনে খেলাধুলার ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে একটি বিশেষ প্যানেল আলোচনারও আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বরাক লেজেন্ডসের সহকারী কোচ প্রীতম দেব এবং যুব আইকন স্নেহাংশু শেখর ভট্টাচার্য। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে ক্রীড়াজগতের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন এবং খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সুস্থ ও শক্তিশালী যুবসমাজই বিকশিত ভারতের অন্যতম ভিত্তি। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করতে হবে এবং তরুণদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণের আরও সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘খেলো ইন্ডিয়া’ সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সমাজমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব চন্দ্রিমা দেব, স্বর্ণদীপ ঘোষ ও শ্রীময় ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়। নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ড. বামনকিরি রংপি। অনুষ্ঠানে ধন্যবাদজ্ঞাপন করেন শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক মৃদুলমোহন দাস।



