বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : বুধবার শিলচর রাঙ্গিরখাড়ী স্থিত ভোলাগিরি আশ্রমে অভিনব শ্রীশ্রী শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজের প্রথম তিরোধান তিথি নানা সনাতনী নিয়ম-নিষ্ঠার মধ্য দিয়ে পালিত হয়। ভোর পাঁচটায় মঙ্গলারতি, সকাল আটটায় গুরুপূজা, দুপুর ১১টায় শ্রদ্ধাঞ্জলি সভা এবং দুপুর ১২টায় সাধুভান্ডারা ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এদিন সমবেত প্রার্থনারও আয়োজন করা হয়। আশ্রমের শিলচরের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, জীবন নানা প্রতিকূলতা নিয়ে এলে দিশেহারা হওয়া স্বাভাবিক, আর সেই সময় সাধুসঙ্গ মানুষের কাছে সান্ত্বনা ও শক্তির উৎস হয়ে ওঠে।
তিনি আরও বলেন, অভিনব স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজ ছিলেন এক দূরদর্শী ও অমায়িক সাধু, যিনি আজীবন সাধু ও ভক্তদের কল্যাণে চিন্তা ও প্রার্থনা করে গেছেন। অনুষ্ঠানে দুই পুরোহিত স্বপন চক্রবর্তী ও হীরক ভট্টাচার্যের পাশাপাশি পঙ্কজ দে, সৌমেন দত্ত চৌধুরী, সন্তোষ রায়, রুমা দেব রায়, বেদু রায়, সুশান্ত সেন, ভোলানাথ চৌধুরী, সৌরভ চন্দ, বিউটি দত্ত, সীমা দেবসহ অনেকে সহযোগিতা করেন।



