পাথারকান্দি হাসপাতালের কোয়ার্টারে দিনদুপুরে চুরি, লুট স্বর্ণালঙ্কার, নগদ অর্থ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : পাথারকান্দি শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার চোরের নিশানায় সরকারি হাসপাতালের কোয়ার্টার। বুধবার দিনদুপুরে হাসপাতালের ব্লক প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) সৌমেন্দ্র দাসের সরকারি আবাসনের তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার, হাতঘড়ি ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বরের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে এই চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, বুধবার দুপুরে সৌমেন্দ্র দাস কর্মস্থলে ছিলেন। তাঁর স্ত্রী ধর্মীয় সভায় যোগ দিতে স্থানীয় সৎসঙ্গ আশ্রমে যান। পরিবারের কেউ কোয়ার্টারে না থাকার সুযোগে চোরেরা সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। অভিযোগ, ঘরে ঢোকার পর তারা ভেতর থেকে দরজা বন্ধ করে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে আলমারি খুলে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

প্রায় দুপুর দেড়টার দিকে জনগণনার কাজে নিয়োজিত কয়েকজন কর্মী কোয়ার্টারে এসে সৌমেন্দ্রবাবুকে না পেয়ে ফোনে যোগাযোগ করেন। খবর পেয়ে তিনি দ্রুত সেখানে পৌঁছে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান এবং স্ত্রীকে খবর দেন।

প্রাথমিকভাবে সৌমেন্দ্র দাস জানিয়েছেন, আলমারি থেকে দুটি সোনার চেন, দু’টি সোনার আংটি, একটি সোনার পলা, একটি হাতঘড়ি এবং নগদ অর্থ চুরি হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। ধারণা করা হচ্ছে, চোরেরা কোয়ার্টারের পেছনের দিক দিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের এলাকা খতিয়ে দেখার পাশাপাশি চোরেরা আগে থেকে কোয়ার্টারটি নজরে রেখেছিল কি না, সেই বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে। সন্ধ্যায় সৌমেন্দ্র দাস থানায় লিখিত এজাহার দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *