২৬ আগস্ট : তেলেঙ্গানার সূর্যপেট জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন। এছাড়াও এই ভয়াবহ সংঘর্ষে জখম হয়েছেন আরও প্রায় ১২ জন যাত্রী। ভোরের দিকে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পিছন দিক থেকে একটি কন্টেনারে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ। বাসটি হায়দরাবাদ থেকে এলুরু হয়ে বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছিল। আচমকাই হাইওয়েতে চলা একটি কন্টেনারে পিছন দিক থেকে জোরালো ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয় জন যাত্রীর মৃত্যু হয়। বাসে থাকা বাকি যাত্রীদের মধ্যে প্রায় ১২ জন গুরুতর আহত হন। কন্টেনারের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত অন্তত ৬, আহত একাধিক মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচ জন মহিলা সহ মোট ছ’জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে জরুরি চিকিৎসা শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের (Police) অনুমান, বাসটি ধাক্কা মারার আগেই কন্টেনারটি কোনো কারণে রাস্তার ডিভাইডারে ধাক্কা খেয়েছিল। ঘটনার সময় বাসটিতে মোট ৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revanth Reddy)। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন আহতদের চিকিৎসায় কোনো ত্রুটি না রেখে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে। ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।



