বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : কাছাড় কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকের পদ শূন্য থাকায় পঠন-পাঠনে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। অথচ এই মূল সমস্যাগুলি সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার পরিবর্তে ‘ড্রেস কোড’ না মানার অভিযোগকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)-এর কাছাড় জেলা কমিটি।
এক প্রেস বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অন্যান্য কলেজের মতো কাছাড় কলেজেও পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালু করা হয়েছে। পাশাপাশি স্নাতক স্তরে ভর্তি ফি সংক্রান্ত পূর্বের নিয়মে হঠাৎ পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
AIDSO-র অভিযোগ, শাসক দলের মদতপুষ্ট কিছু ছাত্র এবং বহিরাগতরা শিক্ষার্থীদের এই যৌক্তিক ক্ষোভকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ‘ড্রেস কোড’ না মানার বিষয়টি অযথা সামনে এনে কলেজের ঐতিহ্য ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছে সংগঠনটি।
AIDSO-র কাছাড় জেলা কমিটি সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কলেজের ঐক্য ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছাত্রসমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে।
একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কাছে সংগঠনটি দাবি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে শিক্ষার পরিবেশকে কোনোভাবেই ব্যাহত করতে না পারে, সে জন্য অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি কলেজের পঠন-পাঠনের মান বজায় রাখতে শিক্ষকদের সমস্ত শূন্য পদ দ্রুত পূরণ করা এবং অন্যান্য পরিকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধানেরও দাবি জানিয়েছে AIDSO।



