শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার অন্তর্গত মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার নবনির্মিত আয়ুষ্মান আরোগ্য মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ফিতা কেটে স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করেন। প্রায় ৫১ লক্ষ ৪৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এই নতুন ভবন। মহাদেবপুরের পুরনো স্বাস্থ্য উপকেন্দ্রটিকে উন্নীত করে আধুনিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে।
নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার স্থানীয় বাসিন্দা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বাস্থ্য বিভাগের কর্মীদের উপস্থিতিতে কেন্দ্রটির আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালু হয়। নতুন স্বাস্থ্যকেন্দ্রটি চালু হওয়ায় মহাদেবপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ স্থানীয় পর্যায়েই প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক জানান, আয়ুষ্মান আরোগ্য মন্দিরে কমপক্ষে একজন চিকিৎসকের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীও নিয়োজিত থাকবেন। এর ফলে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসা পরিষেবার জন্য দূরের স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে ছুটে যাওয়ার সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ সুমন ভৌমিক, মহাদেবপুর-গুমড়া জেলা পরিষদের সদস্য ত্রয়োবাসী দাস, জিপি সভাপতি তপনকুমার মালাকার, ভানু দাস-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ।
নবনির্মিত আয়ুষ্মান আরোগ্য মন্দিরটি এলাকার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ মানুষের কাছে সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।



