শ্রীভূমি রেলগেটে দোকানের শাটার খুলতেই যুবক ও বিবাহিত মহিলাকে ঘিরে উত্তেজনা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : শ্রীভূমি শহরের রেলগেট এলাকায় একটি দোকানের ভেতরে এক যুবক ও ভিন্ন ধর্মাবলম্বী এক বিবাহিত মহিলার উপস্থিতিকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেলগেট এলাকার বাসিন্দা আজু আহমদের দোকানে ওই বিবাহিত মহিলা প্রবেশ করেন। অভিযোগ, কিছুক্ষণ পর দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দোকান বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে পুলিশকে খবর দেওয়া হলে বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের উপস্থিতিতে পরে দোকানের শাটার খোলা হলে ভেতরে আজু আহমদের সঙ্গে ওই মহিলাকে দেখতে পাওয়া যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই দোকানের আশপাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। অতিরিক্ত পুলিশ বাহিনীর পাশাপাশি আধাসামরিক বাহিনীর সদস্যদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

পুলিশ যুবক ও ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। দোকানের ভেতরে কী ঘটেছিল এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি শহরের কেন্দ্রীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সেজন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *