মাতৃভূমি ফুটবলে কোয়ার্টারে জামালপুর

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : প্রথম দল হিসেবে ২০২৬ সালের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো টুর্নামেন্টের অন্যতম খেতাবি দাবিদার জামালপুর এফসি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ডিফেণ্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এফসি-কে ৩-০ গোলে পরাস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। 

ধলাইর বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধে ছিল জামালপুর এফসি-র দাপট। ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল হলুদ জার্সিধারী জামালপুর দল। স্ট্রাইকার কেলভিন প্রথমার্ধের খেলায় জোড়া গোল করেন, খেলার ৭ ও ৩৬ মিনিটে । প্রথমার্ধের বাকিটা সময় গোল শোধের জন্য মরিয়া হয়ে লড়েও জামালপুর  এফসি-র রক্ষণভাগ ভাঙতে পারেনি ইন্ডিয়ান এফসি। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় নীল জার্সিধারী ইন্ডিয়ান এফসি।

এদিন পুরো গ্যালারি ও মাঠের চারপাশ ছিল হাজার হাজার দর্শকে পরিপূর্ণ, এযেন মাতৃভূমি কাপের ফাইনাল। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও তীব্রতর করে জামালপুর এফসি। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণ বুনে চলে তারা। ম্যাচের ৭৮ মিনিটে ডান প্রান্ত থেকে আসা একটি ক্রসকে দারুণ ভলিতে জালে পাঠিয়ে জামালপুর এফসি-কে ৩-০ গোলে এগিয়ে দেন রাইকোম । তীব্র লড়াই করলেও ম্যাচে কোন গোল করতে পারেনি ডিফেণ্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এফসি।

দুর্দান্ত ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন কেলভিন মার। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ধলাই-নরসিংহপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মলকান্তি দাস, বিজেপি ধলাই-নরসিংহপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী ও ধলাই-নরসিংহপুর ব্লক এমআইএস ম্যানেজার রাণা দাস।

এদিনের খেলা পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, ইজাজ আহমেদ লস্কর ও নুংশিতম্বী সিংহ। বুধবার ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে আয়ান এফডি লোকনাথপুর ও তাহের এফসি সপ্তগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *