কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : লক্ষীপুরের বিনাকান্দিঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি বসতঘর। মঙ্গলবার সকালে বেমছা দেবীর ঘরে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে গোটা ঘরকে গ্রাস করে নেয়। অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা দু’টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরপর বিস্ফোরণের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলের অদূরেই একটি পেট্রোল পাম্পের এজেন্সি থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তবে অগ্নিনির্বাপক বাহিনীর দ্রুত তৎপরতায় আগুন পেট্রোল পাম্পে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে সন্দেহ করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে লক্ষীপুর পুলিশ।



