চোর সন্দেহে গণপিটুনি, গ্রেফতার ২

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : গত ২৩ আগস্ট ১১ মাইল, মাইলিয়েম এলাকায় তিন সন্দেহভাজন চোরের ওপর জনতার হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে ইস্ট খাসি হিলস পুলিশ। হামলা থামাতে গিয়ে পুলিশকর্মীরাও হেনস্থা ও গালিগালাজের শিকার হন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর প্রায় ৫টা ৪০ মিনিটে মাওংগাপ থানায় খবর আসে যে, স্থানীয় জনতা তিন সন্দেহভাজন চোরকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, একটি উত্তেজিত জনতা ওই তিনজনকে মারধর করছে।

আটক তিন সন্দেহভাজনের নাম বানশান কুরবাহ (২৫), অ্যালবার্ট মারবানিয়াং (২৬) এবং ইবলাবেট খারমাওলং (২৭)। পুলিশ হস্তক্ষেপ করে তাঁদের উদ্ধার করে প্রথমে পমলুম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরীক্ষার জন্য নিয়ে যায়। পরে নিরাপত্তার জন্য তাঁদের মাওংগাপ থানায় রাখা হয়। তাঁদের ব্যবহৃত একটি মারুতি গাড়িও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, কয়েকজন লোক সন্দেহভাজনদের ওপর হামলার চেষ্টা চালায়। এমনকি কর্তব্যরত পুলিশকর্মীদেরও হেনস্থা করা হয় এবং তাঁদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করা হয় বলে অভিযোগ।

ঘটনার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। সেই মামলার ভিত্তিতে মাইলিয়েম কিন্ডং, ১১ মাইলের বাসিন্দা আর্নিংসন খারকংগর ওরফে আর্নিং (৩৭) এবং পিনশাইবরলাং খারকংগর ওরফে লুং মাতক (৩৩)-কে গ্রেফতার করা হয়েছে।

দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হচ্ছে। ঘটনার তদন্ত এখনও চলছে। এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে পুলিশ। সন্দেহজনক কোনও পরিস্থিতি তৈরি হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করা অথবা ১১২ নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *