২৫ আগস্ট : দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদকে কেন্দ্র করে স্ত্রীর সামনেই কুপিয়ে হত্যা করল স্বামীকে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায়। বিজেপি কর্মী বাপি প্রামাণিকের খুনে জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সুজন মণ্ডল, কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া। সূত্রের খবর, ধৃতদের মধ্যে সুজন মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি। তবে দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। খুনের ঘটনায় বাপির পরিবারের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার বারুইপুর থানা এলাকার উত্তর ট্যাঙ্গেরবেড়িয়ায় দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাপি প্রামাণিকের স্ত্রী। অভিযোগ, স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে বাপিকে এলোপাথাড়ি কোপানো হয়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় বাপিকে উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



