মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : পাথারকান্দি বিধানসভা এলাকার উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় সমস্যার সরেজমিন পর্যালোচনায় সোমবার সেফিঞ্জুরি টি এস্টেট পরিদর্শন করলেন অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় মহলে আগ্রহ দেখা যায়।
সেফিঞ্জুরি টি এস্টেটে পৌঁছে মন্ত্রী বিএসএফ কমান্ড্যান্ট রাজেশ্বর রাইপুরিয়া এবং সেফিঞ্জুরি ভিল টি এস্টেটের জেনারেল ম্যানেজার বিক্রম সিংহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। দীর্ঘ আলোচনায় এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা পরিস্থিতি, চা-বাগান এলাকার বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
বিশেষ করে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।
চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রা, বাগানের বর্তমান পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় মৌলিক পরিষেবা নিয়ে আলোচনা হয়। এলাকার উন্নয়নকে আরও গতিশীল করতে স্থানীয় বাস্তব সমস্যাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকার বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। দপ্তরভিত্তিক বৈঠকের পাশাপাশি সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার বার্তাও দেন তিনি।
উন্নয়ন ও নিরাপত্তা—দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে একই সঙ্গে গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত এদিনের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। স্থানীয়দের আশা, আলোচনায় উঠে আসা বিষয়গুলি আগামী দিনে প্রশাসনিক উদ্যোগে বাস্তবায়িত হলে সেফিঞ্জুরি তথা পাথারকান্দি এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।



