বান্ধবীকে খুশি করতে বাড়িতেই সিঁধ কেটে সোনার অলঙ্কার লুট যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : যোরহাটে চাঞ্চল্যকর চুরিকাণ্ড। নিজের বাড়িতেই সিঁধ কেটে প্রায় ৫০ লাখ টাকার সোনার অলঙ্কার লুটের অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, এক বান্ধবীকে খুশি করতেই বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটায় যুবকটি।

জানা গেছে, ব্যক্তিগত কাজে যুবকের বাবা-মা কয়েক দিনের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে নিজের বাড়িতেই লুটপাট চালায় সে। পরে চুরি করা অর্থ দিয়ে বান্ধবীকে বিভিন্ন দামি উপহার দেওয়ার পাশাপাশি বিলাসবহুল জীবনযাপন ও পার্টিতেও বিপুল টাকা খরচ করে বলে অভিযোগ।

যুবকের স্বীকারোক্তি অনুযায়ী, বান্ধবীকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি আইফোন উপহার দেওয়া হয়। এছাড়া অরুণাচল প্রদেশে বেড়াতে যাওয়ার জন্য নগদ এক লাখ টাকাও দিয়েছিল সে। পাশাপাশি টানা দু’দিন প্রতিদিন ৫০ হাজার টাকা করে বান্ধবীকে দেওয়ার কথাও জানা গেছে।

যুবকটি জানিয়েছে, গত ৬-৭ বছর ধরে ওই তরুণীর সঙ্গে তার পরিচয়। তরুণী কখনও তিনসুকিয়া, আবার কখনও গুয়াহাটিতে থাকেন বলেও দাবি করেছে সে। বাড়ি থেকে চুরি করা সোনার অলংকার বিক্রি করে পাওয়া অর্থে বান্ধবী ও অন্যান্য যুবকদের সঙ্গে বিলাসবহুল পার্টি করার কথাও স্বীকার করেছে অভিযুক্ত।

এমনকি বাবা-মা বাড়িতে না থাকার সময় বান্ধবীকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসার কথাও স্বীকার করেছে যুবকটি। চুরির পরিকল্পনা বাস্তবায়নের আগে তালার চাবি তৈরি করার জন্য এক ব্যক্তিকে অ্যাপার্টমেন্টে ডেকে আনা হয়েছিল। পাশাপাশি অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীকেও ‘ম্যানেজ’ করা হয় বলে তার স্বীকারোক্তিতে উঠে এসেছে।
চুরির কাজে চাবি তৈরি করতে ডেকে আনা ব্যক্তিকে তালাগুলি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই ব্যক্তি যুবকের আধার কার্ড নিজের কাছে রেখে দিয়েছিলেন বলেও জানা গেছে।

ঘটনা প্রকাশ্যে আসার পর ছেলের এমন কাণ্ডে হতবাক বাবা-মা। নিজের বাড়িতেই ছেলে এত বড় ধরনের লুটপাট চালানোর ঘটনায় গোটা যোরহাটে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *