রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচর শহরতলী আউলিয়া বাজার এলাকায় দাউ দাউ করে জ্বলল একটি বুলেট বাইক। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা চার চাকার একটি বাহনও। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। জানা গেছে, দাঁড়িয়ে থাকা একটি বুলেট বাইকে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ভয়ঙ্কর রূপ নেয়। বুলেটের ঠিক পাশে থাকা একটি সুইফট ডিজায়ার বাহনটি ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে ঘটনার সময় দুই যানবাহনের কোনও চালকই ঘটনাস্থলে ছিলেন না। স্থানীয়দের অনুমান, তাঁরা পাশের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিলেন। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ততক্ষণে বুলেট ও সুইফট ডিজায়ারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাইকটি পুড়ে যায়। পৌঁছে পুলিশও। তাঁরা ক্ষতিগ্রস্ত যানবাহন দু’টি থানায় নিয়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।



