ফুটবল মাঠেই প্রাণ গেল ওয়েস্ট ব্রম মিডফিল্ডার কেভিন কাস্ত্রোর

Spread the news

২৩ আগস্ট : মাত্র ২৫ বছর বয়সেই ফুটবল মাঠে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন পর্তুগিজ মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। শনিবার লিসবনে একটি প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনার কথা জানিয়েছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন।

পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে শীর্ষ বিভাগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলছিলেন কাস্ত্রো। ম্যাচ চলাকালীন আচমকাই তিনি মাঠে পড়ে যান। দ্রুত চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়।

লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে কাস্ত্রোর পরিবার, বন্ধু এবং তাঁর ক্লাব রিয়াল এসসি এসএডির প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে দুই ক্লাবও।

২০২১ সালে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের একাডেমিতে যোগ দেন কাস্ত্রো। পরবর্তীতে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তাঁর। লিগ কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ওয়েস্ট ব্রমের জার্সিতে সিনিয়র ফুটবলে প্রথমবার মাঠে নামেন তিনি। এরপর বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলেন এই মিডফিল্ডার। ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন তিনি।

কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। রবিবার বার্নলির বিপক্ষে ম্যাচের আগে তাঁকে বিশেষভাবে স্মরণ করবে ক্লাবটি। ওয়েস্ট ব্রম জানিয়েছে, ম্যাচের ২৫তম মিনিটে কাস্ত্রোর স্মরণে এক মিনিট করতালি দেওয়া হবে। পাশাপাশি দলের খেলোয়াড় ও স্টাফরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

মাত্র ২৫ বছর বয়সে এক তরুণ ফুটবলারের এমন আকস্মিক মৃত্যুতে পর্তুগিজ ফুটবল মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *