শিলচরে শুরু আরআর ফ্যাশনের তিন দিনের ফ্যাশন ও হস্তশিল্প মেলা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট :
দুর্গাপূজার আগে কেনাকাটা ও ফ্যাশনপ্রেমীদের জন্য শিলচরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ ফ্যাশন ও হস্তশিল্প মেলা। আর.আর ফ্যাশনের উদ্যোগে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত রাঙ্গিরখাড়ির হোটেল বিভা-তে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। প্রতিদিন সকাল ১০-৩০ মিনিট থেকে রাত ৯-৩০ মিনিট পর্যন্ত মেলা চলবে।

শনিবার দুপুরে বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী ফিতা কেটে এবং পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজকদের মতে, এই মেলার অন্যতম প্রধান লক্ষ্য হলো স্থানীয় নারী উদ্যোক্তাদের প্রতিভা ও উদ্যোগকে তুলে ধরা এবং তাঁদের আত্মনির্ভরতার পথে উৎসাহিত করা।

মেলায় বরাক উপত্যকার প্রায় ২০ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। তাঁদের স্টলে রয়েছে হাতে তৈরি ব্যাগ, নান্দনিক মোমবাতি, প্রাকৃতিক উপকরণে তৈরি ব্রেসলেট ও আংটি, আধুনিক পোশাক, ঐতিহ্যবাহী শাড়ি এবং অর্গানিক প্রসাধনীসহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতাদের জন্য মেলায় রয়েছে বিশেষ অফার। পাশাপাশি বিনামূল্যে আকর্ষণীয় উপহার জেতার সুযোগও রাখা হয়েছে।

উদ্যোক্তারা জানান, উৎসবের মরশুমের আগে আয়োজিত এই মেলা স্থানীয় কারুশিল্পী ও নারী উদ্যোক্তাদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর ফলে তাঁরা যেমন নিজেদের তৈরি পণ্যের বাজার তৈরি করতে পারবেন, তেমনই শিলচরের ক্রেতারাও স্থানীয় ও রুচিশীল পণ্য সরাসরি কেনার সুযোগ পাবেন।
মেলায় বিপুল সংখ্যক উদ্যোক্তা ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। অনুষ্ঠানে আর.আর ফ্যাশনের পক্ষ থেকে ঋদ্ধি দে, মীনাক্ষী পাল, অর্পিতা দেবাশীষ, নবনীতা দত্ত সেনগুপ্ত, নুরিন নাহার বড়ভূইয়া, শিপ্রা দাস, সঙ্গীতা ভট্টাচার্য, সুইটি পাল, মঞ্জুরি দেব ও অনিতা রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *