বরাক তরঙ্গ, ২২ আগস্ট : শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের ১২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে সোনাইয়ে শুরু হল সন্তোষমোহন দেব স্মৃতি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট। শনিবার সোনাই নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী হল ছাত্র মজলিস ইছারপার। তারা ৫-০ গোল পরাজিত করেছে ডুংরিপারকে। ম্যাচে জোড়া গোল করেন রুহিত আহমদ ও আবেদ লস্কর। ম্যাচের তিন মিনিটে শারুক গোল করে দলকে এগিয়ে নেন। এরপর রুহিত আহমদ ১৪ ও ৪০ মিনিটে এবং আবেদ লস্কর ২৭ ও ৪৫ মিনিটে দু’টি করে চারটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মকবুল হোসেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মুন্না মজুমদার ও আবদুল জলিল আহমেদ।

উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন প্রয়াত জননেতা সন্তোষমোহন দেবের তনয়া সাংসদ সুস্মিতা দেব, ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, ইন্ডিয়া ক্লাবের সচিব সুমন্ত দাস, সোনাই ফুটবল অ্যাকাডেমির সভাপতি বদর উদ্দিন মজুমদার সহ অনেকে। খেলা পরিচালনার দায়িত্বে রয়েছে সোনাই ফুটবল অ্যাকাডেমি। স্পনসরে রয়েছে সোস্যাল কালচারেল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট। এ দিন খেলা পরিচালনা করেন আব্দুল মাজিদ চৌধুরী, আবুল হাসান, বুলবুল লস্কর ও আব্দুল জলিল।
উল্লেখ্য, চারটি জোনে আয়োজিত হবে ফুটবল টুর্নামেন্ট। জোনগুলি হল সোনাই, শিলচর, উধারবন্দ ও বদরপুর। প্রতিটি জোনে আটটি করে দল অংশ নেবে। জোন পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। জোন পর্যায়ের চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। মূল পর্বের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ২৫ হাজার টাকা, আর রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা। পাশাপাশি বিভিন্ন বিভাগে থাকছে আরও একাধিক পুরস্কার।



