মেঘালয়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা, শিলঙে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন

Spread the news

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : অসমের ক্যাব চালক সংস্থার অনির্দিষ্টকালের প্রতিবাদ ও পথ অবরোধের জেরে মেঘালয়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। অসম থেকে পেট্রোল-ডিজেল বহনকারী ট্যাঙ্কার এবং বাণিজ্যিক যানবাহন মেঘালয়ে প্রবেশ করতে না পারায় রাজ্যের বিভিন্ন এলাকায় জ্বালানির ঘাটতি ক্রমেই বাড়ছে।
এই পরিস্থিতিতে শুক্রবার রাত থেকেই রাজধানী শিলঙের প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যায়। জ্বালানি শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় বহু মানুষ পেট্রোল-ডিজেল মজুত করতে নিজেদের যানবাহনের ট্যাঙ্ক ভরতে ভিড় করেন। এর জেরে শিলংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রাতের দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পাহাড়ি শহরজুড়ে তৈরি হয় উদ্বেগ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

মেঘালয়ের বিভিন্ন এলাকায় অসমের বাণিজ্যিক যানবাহন, ট্যাক্সি ও চালকদের একাংশকে দুষ্কৃতীদের হাতে দীর্ঘদিন ধরে হেনস্থা, অত্যাচার ও হুমকির শিকার হতে হচ্ছে—এমন অভিযোগ তুলে অসম ক্যাব চালক সংস্থা জোড়াবাটে যে আন্দোলন শুরু করেছে, তা শনিবার তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে।

অসম-মেঘালয় সীমান্তের গুরুত্বপূর্ণ জোড়াবাট এলাকায় চালকেরা পথ অবরোধ করে মেঘালয়গামী পরিবহন ব্যবস্থা কার্যত স্তব্ধ করে রেখেছেন। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, চালকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।

শুধু জোড়াবাটের মূল সড়কেই নয়, মেঘালয়ে যাওয়ার বিকল্প পথগুলিতেও চালক সংস্থা কঠোর নজরদারি চালাচ্ছে। শুক্রবার রাতে গুয়াহাটির রানি এলাকার অভ্যন্তরীণ একটি বিকল্প পথ দিয়ে মেঘালয়ের নম্বরপ্লেটযুক্ত কয়েকটি যানবাহন যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও চালকেরা সেগুলির পথ আটকে দেন। পরে যানবাহনগুলিকে সেখান থেকে ফিরে যেতে বাধ্য করা হয়।

পরিস্থিতির জেরে মেঘালয়ে পরিবহন ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, তেমনই জ্বালানি সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *