অসমের বন্যা পরিস্থিতি নিয়ে সিপিএমের বিক্ষোভ শিলচরে

Spread the news

বরাক তরঙ্গ, ২১ আগস্ট : অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতা, কেন্দ্রীয় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গাফিলতি এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল সিপিএমের কাছাড় জেলা কমিটি। পরে জেলা কমিশনারের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবিসংবলিত স্মারকলিপি পাঠানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের নেতা সমীরণ আচার্য, বিদ্যুৎ দেব, দুলাল মিত্র, রত্না দেবসহ দলের অন্যান্য নেতাকর্মী। স্মারকলিপিতে বন্যা সমস্যার স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পর্যাপ্ত আর্থিক সহায়তার দাবিতে একাধিক প্রস্তাব তুলে ধরা হয়।

কেন্দ্রীয় সরকারের কাছে দলের দাবিগুলির মধ্যে রয়েছে, উত্তর অসমের সাম্প্রতিক বন্যার কারণ চিহ্নিত করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা। পাশাপাশি উত্তর অসমের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে। অসমের ওপর বন্যার সামগ্রিক প্রভাব নিরূপণ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী রাজ্যগুলিতে নির্মীয়মাণ বড় বাঁধসহ সংশ্লিষ্ট প্রকল্পগুলির নির্মাণকাজ স্থগিত রাখারও দাবি জানানো হয়।

সিপিএমের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, অসমের বন্যা সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে এর স্থায়ী সমাধানের লক্ষ্যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে কর্মসূচি ঘোষণা করতে হবে। রাজ্য সরকারের কাছে দলের দাবির মধ্যে রয়েছে, বন্যায় মৃতদের পরিবারকে অন্তত ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এককালীন অন্তত এক লক্ষ টাকা আগাম সাহায্য দেওয়া। সম্পূর্ণরূপে ধ্বংস হওয়া পাকা বাড়ির ক্ষতিপূরণ বর্তমান নির্ধারিত ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকার পরিবর্তে অন্তত ১০ লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য অন্তত ৫ লক্ষ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।

এছাড়া শস্যহানি ও গবাদি পশুর মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণের ঊর্ধ্বসীমা বাড়ানো, বন্যাদুর্গত পরিবারগুলিকে ছয় মাস বিনামূল্যে খাদ্য সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় চাষাবাদে সহায়তার জন্য বিনামূল্যে সার ও বীজ দেওয়ার দাবি জানানো হয়েছে। বন্যাকবলিত এলাকায় মহামারি প্রতিরোধে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা, মানুষ ও গবাদি পশুর জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে সরকারি উদ্যোগে অন্তত ২০০ দিনের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মেরামতির জন্য বিশেষ তহবিল বরাদ্দ, ছাত্রছাত্রীদের বিনামূল্যে ইউনিফর্ম ও বই-খাতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বিশেষ আর্থিক সহায়তার দাবি জানিয়েছে সিপিআই(এম)। দলের নেতারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অসমের বন্যা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *