বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলঙে কালো পতাকা বাইক র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর তিন শীর্ষ নেতাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার শিলঙের জেলা ও দায়রা আদালতের বিচারক এই নির্দেশ দেন।
পুলিশের হাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার KSU সভাপতি রেমন্ড খারজানা, সহ-সভাপতি পিনস্কেমলাং সানমিয়েট এবং সাধারণ সম্পাদক রুবেন নাজিয়ারকে জেলা ও দায়রা আদালতে হাজির করা হয়। র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, অশান্তি ও ভাঙচুরের ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
শুনানি শেষে আদালত তিন KSU নেতাকেই ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে KSU সাধারণ সম্পাদক রুবেন নাজিয়ার অভিযোগ করেন, চলমান আন্দোলন দমন করতেই সরকার সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেফতার করেছে। তবে গ্রেফতারের কারণে KSU তাদের আন্দোলন থেকে পিছিয়ে যাবে না বলেও স্পষ্ট করেন তিনি।
নাজিয়ার জানান, সংগঠনের বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে, র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ তদন্ত জোরদার করেছে। অন্যদিকে, অশান্তির জন্য KSU অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের দায়ী করেছে।



