বরাক তরঙ্গ, ২০ আগস্ট : শিলচরের তারাপুরের কালীমোহন রোডে অবস্থিত কার্যালয়ে বুধবার সন্ধ্যায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল শুকতারা ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রয়াতা শুকতারা দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে নেপালি নৃত্য পরিবেশন করেন সৃষ্টি কাকতি ও মানসী থাপা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নির্মল রবিদাস। তাঁদের মনোজ্ঞ পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও ফাউন্ডেশনের সদ্য সংকল্পিত সদস্যদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়।
বর্ষপূর্তি উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উপদেষ্টা বাসুদেব ভট্টাচার্য্য, সঙ্গীতশিল্পী নির্মল রবিদাস এবং নৃত্যশিল্পী সৃষ্টি কাকতি ও মানসী থাপাকে উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করেন ফাউন্ডেশনের সভাপতি নন্দলাল দত্ত, সম্পাদক নিলয় পাল, সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কর এবং কোষাধ্যক্ষ সঞ্জয় দে প্রমুখ। পরে কেক কাটার মধ্য দিয়ে উপস্থিত সকলে বর্ষপূর্তির আনন্দ ভাগ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা বাসুদেব ভট্টাচার্য্য বলেন, সমাজসেবার উদ্দেশ্যেই এই সংগঠনের জন্ম। সেই লক্ষ্যেই ফাউন্ডেশন কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও প্রত্যেক সদস্য এই সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিন সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কর ও কোষাধ্যক্ষ সঞ্জয় দে-সহ ফাউন্ডেশনের কয়েকজন নেতৃস্থানীয় সদস্য বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপঙ্কর চক্রবর্তী, অভীক দাস-সহ অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।



