অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীতে ঝাঁপ, চার দিন পর উদ্ধার মা-শিশুর মরদেহ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট :
শিলচরের অন্নপূর্ণা ঘাট সেতু থেকে চার বছরের সন্তানকে কোমরে বেঁধে বরাক নদীতে ঝাঁপ দেওয়া গৃহবধূ ও তাঁর শিশুসন্তানের মরদেহ চার দিন পর উদ্ধার হল। মঙ্গলবার কাছাড় জেলার কাটিগড়া এলাকার গণিরগ্রাম বাজার সংলগ্ন বরাক নদী থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার দুধপাতিল বাগান এলাকার বাসিন্দা দিয়া আকুরা নামে ওই গৃহবধূ তাঁর চার বছরের শিশুসন্তানকে কোমরে বেঁধে অন্নপূর্ণা ঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ। ঘটনার পরই এসডিআরএফের পক্ষ থেকে নদীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। তবে প্রথমদিকে মা ও শিশুর কোনো সন্ধান মেলেনি।

অবশেষে মঙ্গলবার গণিরগ্রাম বাজার সংলগ্ন বরাক নদীতে স্থানীয় কয়েকজন বাসিন্দা একটি মরদেহ ভাসতে দেখেন। পরে কাছে গিয়ে তাঁরা দেখতে পান, ওই মহিলার কোমরে শিশুটিকে বাঁধা অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করে।

পুলিশ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চার বছরের শিশুকে সঙ্গে নিয়ে ওই গৃহবধূ কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন, তার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *