১৮ আগস্ট : জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৮ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আহত হয়েছেন অন্তত ৩২ জন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ভিন্ড-গোয়ালিয়র জাতীয় সড়কে। জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয়েছে ওই ৮ শ্রমিকের।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের লাখিমপুর খেরি এলাকার বাসিন্দা ওই শ্রমিকরা গোয়ালিয়রে চাষের কাজ করতে গিয়েছিলেন। কাজ সেরে তাঁরা একটি গাড়ি করে গোয়ালিয়র থেকে উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে ফিরছিলেন। সেই সময়েই জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, রাতে রাস্তার ধারে এক পাল গবাদি পশু বসেছিল। দ্রুতগতিতে যাওয়ার সময়ে ওই গবাদি পশুর পালটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান শ্রমিকদের গাড়ির চালক। আরও কিছুটা এগিয়ে গিয়ে উল্টো দিক থেকে ছুটে আসা একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার তীব্রতায় দুমড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। বাকিদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় আরও তিন জনের। এই ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।



