ক্লাসরুমে চলল গুলি, মৃত ২ ছাত্র

Spread the news

১৮ আগস্ট : ফিলিপিন্সে বেসরকারি স্কুলে চলল গুলি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের ম্যানিলার জ়ামবোয়াঙ্গা এলাকায় একটি বেসরকারি স্কুলে। ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক সূত্রের খবর, ওই স্কুলেরই এক ছাত্র গুলি চালিয়েছে। ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে দক্ষিণ ফিলিপিন্সের জ়ামবোয়াঙ্গা এলাকায় জ়ামবোয়াঙ্গা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বেসরকারি স্কুলে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, স্কুলের সপ্তম শ্রেণির ক্লাসরুমের মধ্যে এক ছাত্র গুলি চালায়। ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, মৃত দুই ছাত্রও সপ্তম শ্রেণির ছাত্র। যদিও ওই ছাত্রদের নাম-পরিচয় পুলিশ প্রকাশ করেনি।

জ়ামবোয়াঙ্গা শহরের মেয়র খাইমার আদান ওলাসো DZMM Radio-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, সপ্তম শ্রেণির এক ছাত্র ক্লাসরুমের মধ্যেই তার দুই সহপাঠীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঘটনাস্থলেই দুই ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানিয়েছেন তিনি।

জ়ামবোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আর্নল্ড আন্ডাল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তবে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর। এ বিষয়ে, পুলিশ আধিকারিক শেলামি চ্যাং জানিয়েছেন, স্কুলে গুলি চালানোর ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তবে, বাকিরা নিরাপদে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। কোথা থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করল ওই ছাত্র, তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে স্কুলের মধ্যে গুলি চালানো হলো, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *