বড়খলায় সক্রিয় মহিলা পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ, সিইও-র দ্বারস্থ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : বড়খলা উন্নয়ন ব্লকের অধীনে সক্রিয় মহিলা বা কমিউনিটি রিসোর্স পার্সন (সিআরপি) পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কাছাড় জেলা পরিষদের প্রধান নির্বাহী আধিকারিকের (সিইও) কাছে স্মারকলিপি প্রদান করলেন সংশ্লিষ্ট মহিলা সদস্যরা। সোমবার শিলচরে মহিলা প্রতিনিধিদের একটি দল জেলা পরিষদের সিইওর কাছে স্মারকলিপি দিয়ে বিষয়টি তদন্তের দাবি জানায়।

অভিযোগকারীদের দাবি, বড়খলা উন্নয়ন ব্লকের মহিলা জাগরণ সিএলএফ-এর অধীনে জয়মতি গ্রাম সংস্থার স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি) সদস্য এবং বররামপুর জিপি-র ক্লাস্টার লেভেল ফেডারেশনের অন্তর্ভুক্ত এসএইচজি সদস্যাদের সক্রিয় মহিলা পদে নিয়োগ দেওয়ার কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট সদস্যাদের কোনও খবর না দিয়েই কর্তৃপক্ষ ওই পদে কয়েকজনকে নিয়োগ করেছে বলে অভিযোগ। অভিযোগ, বড়খলা ডেভেলপমেন্ট ব্লকের ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট (বিএমএমইউ) ঘুষের বিনিময়ে এই নিয়োগ দিয়েছে। যদিও অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্মারকলিপিতে নতুন করে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে এবং সাক্ষাৎকারের মাধ্যমে সক্রিয় মহিলা পদে নিয়োগ দেওয়ার দাবি তুলেছেন প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করা না হলে বৃহত্তর স্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *