বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : স্বাধীনতা দিবসে বিশিষ্ট সমাজকর্মী আইনজীবী প্রদীপ দত্তরায়কে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করলেন দক্ষিণ কৃষ্ণপুরের পরিবেশ প্রেমী বদর উদ্দিন বড়ভূইয়া। এদিন দক্ষিণ কৃষ্ণপুরের একটি ধাবার প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলতাফ হুসেইন বড়ভূইয়া এবং শ্যামকৃষ্ণ কীর্তনীয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি প্রদীপ দত্তরায় বলেন, পরিবেশের ক্রমবর্ধমান দূষণ ও ভারসাম্যহীনতা থেকে রক্ষা পেতে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। তাঁর মতে, নির্বিচারে বন ধ্বংসের ফলে বিশ্বজুড়ে খরা ও বন্যার প্রকোপ ক্রমশ বাড়ছে।
তিনি বলেন, গাছ মাটি ও জল ধরে রাখতে সাহায্য করে, অক্সিজেন সরবরাহ করে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। এদিন রোপণ করা গাছটি ভবিষ্যতে একটি বড় বৃক্ষে পরিণত হয়ে মানুষকে ছায়া, অক্সিজেন ও নির্মল পরিবেশ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।



