বন্দেমাতরমের মর্যাদা রক্ষার দাবিতে শিলচরে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ আগস্ট :
বন্দেমাতরম সঙ্গীতের যথাযথ মর্যাদা রক্ষা না করার অভিযোগ তুলে শিলচরে প্রতিবাদ কর্মসূচি পালন করল কাছাড় জেলা বিজেপি যুব মোর্চা। রবিবার শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এই প্রতিবাদী সভার আয়োজন করা হয়।

বিজেপির অভিযোগ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দেমাতরম পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সঙ্গীতটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেননি। তাদের দাবি, বন্দেমাতরম চলাকালীন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে অন্যদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। ঘটনাটিকে দেশের ১৪০ কোটি মানুষের প্রতি অসম্মান বলে উল্লেখ করে প্রতিবাদ জানায় বিজেপি যুব মোর্চা। প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি কর্মী-সমর্থকরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বক্তারা কংগ্রেসের বিরুদ্ধে সংবিধান ও দেশের জাতীয় মর্যাদাকে অবমাননা করার অভিযোগও তোলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, লক্ষীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক রাজদীপ রায়, ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস এবং কাছাড় জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি নেহাল চৌধুরীসহ দলের বিভিন্ন পদাধিকারী ও কর্মীরা।

বক্তারা বলেন, বন্দেমাতরম শুধুমাত্র একটি দেশাত্মবোধক গান নয়; এটি ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই জাতীয় মর্যাদার সঙ্গে সম্পর্কিত এই সঙ্গীত পরিবেশনের সময় প্রত্যেকের যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *