বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : মেহেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে দ্যা ট্রি হাউস স্কুলের উদ্যোগে অঙ্কন ও দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে শিবালিক পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি অভিভাবকদের জন্য অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা।
অনুষ্ঠানে শিক্ষিকারা বলেন, আগামী প্রজন্মের মধ্যে স্বাধীনতা সংগ্রামের চেতনা ও দেশপ্রেম জাগ্রত রাখতে স্কুলের পাশাপাশি পরিবারেও সচেতন পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। সেই লক্ষ্যেই শিশু ও অভিভাবকদের নিয়ে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুতপা দাস পাল, গরিমা দে ও ডঃ শ্রেয়া দে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষিকারা বিচারকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান। বিচারকেরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশু ও অভিভাবকদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তুলতে অঙ্কন ও সঙ্গীত অত্যন্ত কার্যকর মাধ্যম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষা উমা দেব, শিক্ষিকা নিয়াসি দেব, মৌমিতা মিশ্র বিশ্বাস, পাপিয়া পাল, কাকলি দাস, বিজয়তা কুর্মী, প্রিয়ঙ্কা নাথ, দীপ্তি দাস, শিবানী দাস ও অনামিকা লোহারসহ অন্যান্য শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।
অঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দেশের স্বাধীনতা, সংগ্রাম ও আত্মত্যাগের নানা চিত্র তুলে ধরে। অন্যদিকে, অভিভাবকদের দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনায় পুরো অনুষ্ঠান হয়ে ওঠে উৎসবমুখর। স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বার্তা নিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



