মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও অনুকরণীয় পুলিশি সেবার স্বীকৃতিস্বরূপ শ্রীভূমি পুলিশের চারজন সদস্য মর্যাদাপূর্ণ পুলিশ পদকে সম্মানিত হওয়ায় জেলার পুলিশ প্রশাসনে গর্বের আবহ সৃষ্টি হয়েছে।উৎকৃষ্ট সেবার জন্য মুখ্যমন্ত্রীর পুলিশ পদক (Chief Minister’s Police Medal for Outstanding Service)-এ সম্মানিত হয়েছেন শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে এবং ডেপুটি পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মানসপ্রতিম চৌধুরী । অন্যদিকে, কৃতিত্বপূর্ণ সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (President’s Police Medal for Meritorious Service) পেয়েছেন LNK রিপন পাল ও LNK নন্দা ত্রিপুরা।পুলিশের মতো গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশায় নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার স্বীকৃতি হিসেবেই এই সম্মান বিশেষ তাৎপর্য বহন করছে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশকর্মীদের নিরলস প্রচেষ্টা সমাজে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বিশেষ করে শ্রীভূমি জেলার মতো সীমান্তবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। সেই পরিস্থিতিতে দায়িত্বের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়া পুলিশকর্মীদের স্বীকৃতি তাঁদের পাশাপাশি গোটা পুলিশ বাহিনীকেই আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর পুলিশ পদকে সম্মানিত লীনা দোলে ও মানসপ্রতিম চৌধুরী এবং রাষ্ট্রপতির পুলিশ পদকে সম্মানিত রিপন পাল ও নন্দা ত্রিপুরা—চারজনের এই সাফল্য শ্রীভূমি পুলিশের জন্য নিঃসন্দেহে এক গর্বের অধ্যায়। তাঁদের নিষ্ঠা ও কর্মদক্ষতা আগামী দিনে পুলিশ বিভাগের অন্যান্য সদস্যদেরও অনুপ্রেরণা জোগাবে। শ্রীভূমি পুলিশের পক্ষ থেকে পদকপ্রাপ্ত চার পুলিশকর্মীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁদের এই সম্মানকে শ্রীভূমি পুলিশের প্রতি মানুষের আস্থা ও পুলিশকর্মীদের নিরলস সেবার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে।স্বাধীনতা দিবসের আবহে শ্রীভূমি পুলিশের চার সদস্যের এই সম্মান জেলাবাসীর কাছেও আনন্দ ও গর্বের বিষয় হয়ে উঠেছে। দেশের আইন-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় তাঁদের নিষ্ঠাবান সেবা আগামী দিনেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের।




