ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীতে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে বিধানসভাভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর কালজয়ী সঙ্গীত ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যতিক্রম গ্রুপ। সঙ্গীতের মাধ্যমে অসমের সাংস্কৃতিক ঐক্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই দক্ষিণ অসমজুড়ে আয়োজন করা হচ্ছে বিধানসভাভিত্তিক ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতার মাধ্যমে দক্ষিণ অসমের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান শিল্পীরা ভূপেন হাজারিকার গান পরিবেশনের সুযোগ পাবেন। আগামী ২৩ আগস্ট, রবিবার, শিলচর বিধানসভা কেন্দ্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে। সকাল ৯টা থেকে শুরু হবে প্রতিযোগিতা।

বিধানসভাভিত্তিক পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর শিলচরের সংগীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি, শংসাপত্র ও আর্থিক পুরস্কার। পাশাপাশি বিধানসভাভিত্তিক পর্যায়ে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকেও শংসাপত্র প্রদান করা হবে।
প্রতিযোগিতাটি তিনটি বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে ৭ থেকে ১২ বছর, ‘খ’ বিভাগে ১৩ থেকে ১৮ বছর এবং ‘গ’ বিভাগে ১৯ বছর ও তার ঊর্ধ্বের প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের শুধুমাত্র ড° ভূপেন হাজারিকার গান পরিবেশন করতে হবে। তবে গান পরিবেশনের ক্ষেত্রে ভাষার কোনও বাধ্যবাধকতা থাকছে না।

জন্মশতবার্ষিকী উদযাপনের অন্যতম আকর্ষণ হিসেবে আগামী ৮ সেপ্টেম্বর, ড° ভূপেন হাজারিকার জন্মদিনে শিলচরের বঙ্গভবনে আয়োজন করা হবে বিশেষ সংগীতসন্ধ্যার। কলকাতা, গুয়াহাটি ও শিলচরের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ও আয়োজক সৌমেন ভারতীয়া জানান, ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী শুধু তাঁকে স্মরণ করার উপলক্ষ নয়, তাঁর সংগীত ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও এক ঐতিহাসিক সুযোগ। তাঁর মতে, ভূপেন হাজরিকার গান ভাষা, জাতি ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্ম তাঁর গান পরিবেশনের পাশাপাশি মানবিকতা ও সম্প্রীতির বার্তাও ধারণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিলচর বিধানসভা কেন্দ্রের ভাস্কর দাস বলেন, শিলচরে এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে ভূপেন হাজরিকার গান ও সৃষ্টির প্রতি আগ্রহ বাড়ানোই তাঁদের অন্যতম লক্ষ্য। এই প্রতিযোগিতা আগামী প্রজন্মের শিল্পীদের প্রতিভা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *