মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস।শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। পতাকা উত্তোলনের পর জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশাত্মবোধক আবহে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী এবং বিধায়ক জাকারিয়া আহমদ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ হয়।

এদিন জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা ও গণসংগঠনের সভাপতি, পদাধিকারী, কর্মকর্তা, কর্মী এবং দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দেশের অখণ্ডতা, গণতন্ত্র ও সংবিধানের মূল্যবোধ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়। স্বাধীনতার ৮০ বছর পূর্তির এই বিশেষ দিনে বক্তারা দেশের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করেন। পাশাপাশি স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ ঐক্য, সম্প্রীতি, গণতন্ত্র সাম্য ও ভ্রাতৃত্ববোধ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবন এদিন পরিণত হয় দেশপ্রেমের আবেগে ভরা এক মিলনক্ষেত্রে। জাতীয় পতাকার তলে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে স্বাধীনতার গৌরব ও দেশের প্রতি দায়বদ্ধতার বার্তা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে।




