বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : ‘বিভাজন বিভীষিকা স্মরণ দিবস’ উপলক্ষে শিলচরে বিজেপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশভাগের বেদনাদায়ক ইতিহাস, সেই সময় সাধারণ মানুষের দুর্ভোগ, প্রাণহানি এবং বাস্তুচ্যুতির করুণ স্মৃতি সভায় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্বপ্রাপ্ত পূর্ণচন্দ্র মণ্ডল। তিনি দেশভাগের সময় সংঘটিত বিভিন্ন ঘটনা এবং তার ফলে সাধারণ মানুষের ওপর নেমে আসা চরম দুর্ভোগের কথা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, মন্ত্রী কৌশিক রায়, প্রাক্তন বিধায়কবৃন্দ এবং রাজ্যসভার সদস্যা সুস্মিতা দেব। বক্তারা দেশভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি সেই বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
আলোচনা সভার শেষে দেশভাগের সময় প্রাণ হারানো এবং ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।



