বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : জালুকবাড়ি বিধানসভা কেন্দ্রে নবনির্মিত একটি আরসিসি সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার ২০২৪-২৫ অর্থবর্ষের ‘মুখ্যমন্ত্রীর উন্নত পাকা পথ প্রকল্প’-এর অধীনে বামুণরজান পথ থেকে ফরেস্ট স্কুল রোড সংযোগকারী নির্মিত সেতুটি নির্মাণ উদ্বোধন করেন তিনি। প্রায় ২ কোটি ৫৬ লক্ষ টাকারও বেশি ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৩২.৪০ মিটার। দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ কাঠের সেতুর পরিবর্তে নতুন আরসিসি সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জন্য আরও নিরাপদ, সহজ ও সরাসরি যাতায়াতের ব্যবস্থা তৈরি হয়েছে।
নতুন সেতুর মাধ্যমে বামুণরজান পথের সঙ্গে ফরেস্ট স্কুল রোডের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। ফলে ছাত্রছাত্রী, রোগী, কর্মচারী এবং সাধারণ মানুষের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সুবিধাজনক হবে।

এই সেতুর ফলে গাড়িগাঁও, বরিপাড়া, ভাকুণ্ডা, জেউতিপাড়া ও নোয়াপাড়া-সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে সেতুটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।



