সোনাইতে ভূপেন হাজরিকার শততম জন্মজয়ন্তী নানা কর্মসূচি ১৬ই

Spread the news

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট :
ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার শততম জন্মজয়ন্তী উপলক্ষে সোনাইয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৬ আগস্ট, রবিবার সোনাই এসসি রায় গার্লস হাইস্কুল প্রাঙ্গণে সকাল ১১টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

ভূপেন হাজরিকার প্রতি শ্রদ্ধা ও তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে অসমের বিভিন্ন জেলা ও বিধানসভা এলাকায় ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম পর্যায়ে বিধানসভাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীদের নিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা এবং জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিধানসভাভিত্তিক প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। ‘ক’ বিভাগে ৭ থেকে ১২ বছর, ‘খ’ বিভাগে ১২ থেকে ১৮ বছর এবং ১৮ বছর থেকে ঊর্ধ্বে সকলের জন্য থাকবে উন্মুক্ত বিভাগ। প্রতিযোগীদের ভূপেন হাজারিকার যেকোনও একটি গান পরিবেশনের জন্য সর্বোচ্চ চার মিনিট সময় দেওয়া হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে ব্যতিক্রম গ্রুপের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হবে। চূড়ান্ত পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের প্রশংসাপত্রের পাশাপাশি অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হবে।

এদিকে, অনুষ্ঠানে সোনাই এলাকার কয়েকজন বিশিষ্ট নাট্যকার, সংগীতশিল্পী, সমাজকর্মী ও শিক্ষাবিদকে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি নিট পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন কৃতী ছাত্রছাত্রীকেও সংবর্ধিত করা হবে।
অনুষ্ঠানকে সফল করে তুলতে সর্বস্তরের মানুষ, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, সমাজসেবী ও সঙ্গীতশিল্পীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ভূপেন হাজারিকার শততম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতার ব্যতিক্রম গ্রুপের বিধানসভাভিত্তিক কো-অর্ডিনেটর তথা সোনাই সম্গীত বিদ্যালয়ের সভাপতি নীহার দাস এবং সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর শিলচরের বঙ্গভবনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *