বরাক তরঙ্গ, ১২ আগস্ট : বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে শিবসাগর ও যোরহাটে চিকিৎসা শিবিরের আয়োজন করল এসইউসিআই (সি)-র অসম রাজ্য কমিটি। বুধবার শিবসাগর শহরের সংলগ্ন হাতিখোঁক গ্রামের হাতিখোঁক স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক ডাঃ শাহরিয়ার আলম ও ডাঃ বিক্রম মণ্ডল বন্যাদুর্গতদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহে সহযোগিতা করেন ফার্মাসিস্ট বিপ্লব রিসং।

এদিকে, যোরহাট জেলার ভোগদৈ নদীর বন্যা ও ভাঙনের ফলে পশ্চিম যোরহাট রাজস্ব চক্রের হাজার হাজার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও বহু এলাকা জলমগ্ন রয়েছে। বন্যার কারণে দুর্গতদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চুলকানি ও পিঠের ব্যথার মতো বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে।
শিবসাগর ও যোরহাটে আয়োজিত দুটি চিকিৎসা শিবিরে পাঁচ শতাধিক বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। যোরহাটের শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডাঃ বাবু রাসেল, ডাঃ রাজ বর্মন এবং অসম সরকারের স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্ম-সঞ্চালক ও মেডিক্যাল সার্ভিস সেন্টারের অসম শাখার আহ্বায়ক ডাঃ চিত্রলেখা দাস।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে আগামীকালও ক্ষতিগ্রস্ত এলাকায় আরও দু’টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।


